সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতের এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন। একইসঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোকের সময়ে নিহতদের পরিবারের পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছেন তারা।
জানা গেছে, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে।
এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে এই উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিহতদের পরিবারকে তদানুসারে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।
ডিবিসি/পিআরএএন