সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত এক সপ্তাহে ১৯,৭৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এদের আটক করা হয়। একই সময়ে ১১,১৪৮ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠানো হয়েছে। শনিবার (৭ই ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত ২৭শে নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে এই গ্রেপ্তার চালানো হয়। এটি চলতি বছরের অন্যতম বড় সমন্বিত অভিযান।
গ্রেপ্তারকৃতদের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রণালয় জানায়, আটকদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১২,২৫২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪,৩৮৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩,১৫৪ জন রয়েছেন।
সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১,৬৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ান, ৪৫ শতাংশ ইয়েমেনি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় আরও ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন সুবিধা, আশ্রয় বা নিয়োগ দেওয়ার অভিযোগে ১৫ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।
বর্তমানে ৩১,২৯২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২৯,৪১০ জন পুরুষ এবং ১,৮৮২ জন নারী। আটককৃতদের মধ্যে ২১,৮০৫ জনকে প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫,৩৭০ জনের দেশে ফেরার টিকেট নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা করা, আশ্রয় দেওয়া বা পরিবহন সুবিধা দেওয়া গুরুতর অপরাধ। এই অপরাধের শাস্তি হিসেবে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাসস্থান বাজেয়াপ্ত করা হবে।
সূত্র: গালফ নিউজ
ডিবিসি/এনএসএফ