সৌদি আরবে গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত এক সপ্তাহে যৌথ অভিযান চালিয়ে ৭ হাজার ৭৬০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। গত শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ৬০ জন রেসিডেন্সি বা আকামা আইন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার, ২৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টাকালে আরও ২৫ জন গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি এসব অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও কাজের সুবিধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে।
ইতিমধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠানো হয়েছে। আউটপাস বা ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে এবং ৮৫০ জন ফ্লাইট টিকিটের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ ও ১ হাজার ৩১৯ জন নারীসহ মোট ২১ হাজার ৭৭৪ জন অবৈধ প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো ধরনের সহায়তা, আশ্রয় বা পরিবহনসুবিধা দিলে জড়িতদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়িও বাজেয়াপ্ত করা হবে। এ ধরনের কোনো অনিয়ম নজরে এলে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
সূত্র: সৌদি গ্যাজেট
ডিবিসি/এফএইচআর