জেলার সংবাদ

সৌদিতে স্বামীর মৃত্যুর দুইদিন পর ঢাকায় প্রাণ গেল জামায়াত নেত্রী স্ত্রীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গার দর্শনার শ্যামপুরে স্বামীর দুইদিন পর স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে স্বামী সফর উদ্দীন (৪৫) মারা যাওয়ার দুইদিন পর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার স্ত্রী  রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)। ববিতা খাতুন দর্শনা থানা মহিলা বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের আভা শহরে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সফর উদ্দীন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১৮ আগস্ট ভোর ৫টার দিকে মারা যান তিনি।

 

এদিকে, স্বামীর অসুস্থতার খবর পাওয়ার পর ১০ আগস্টই দেশে থাকা স্ত্রী ববিতা খাতুনও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট দুপুরে মারা যান তিনি।

 

শুক্রবার সকাল ১০টায় দর্শনা শ্যামপুর সরকারী কবরস্থানে ববিতা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। তবে সফর উদ্দীনের মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

নিহত সফর উদ্দীন দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে। তার বড়ভাই শরীফ উদ্দীন দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

মৃত্যুকালে সফর উদ্দীন বৃদ্ধা মা, এক ছেলে, এক মেয়ে, তিন ভাই, তিন বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মাত্র এক দিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো শ্যামপুর এলাকা।
 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন