সৌদি আরবের জুবাইল শিল্প নগরীতে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে, সেখানকার গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কয়েকটি আরব আঞ্চলিক মাধ্যম জানিয়েছে, জুবাইল এলাকায় একটি বিকট ও শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। পৃথক প্রতিবেদনে সূত্রগুলো জানায়, জুবাইল শিল্প নগরীর গ্যাস স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে ঘটনাস্থলে আগুন ধরে যায়। এ ঘটনায় কী ধরণের হামলা চালানো হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
অন্যদিকে, একটি পৃথক ঘটনায় সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে অবস্থিত আরামকো রিফাইনারির একটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগুনের কারণ জানানো না হলেও নিশ্চিত করা হয়েছে যে, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। এর আগে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছিল, জিজানে সৌদি আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জিজানের এই ঘটনাটির সঙ্গে জুবাইলে ঘটে যাওয়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
সূত্র: আনাদোলু এজেন্সি