খেলাধুলা

সৌদির ধাক্কা সামলে হার এড়াল উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ ভোরে অনুষ্ঠিত 'এইচ' গ্রুপের ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করে হার এড়াল উরুগুয়ে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলে শেষ দিকে সমতায় ফেরে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথম আধা ঘণ্টা উরুগুয়ে একটানা চাপ ধরে রাখলেও প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি। এরপর হঠাৎ করেই পাল্টা আক্রমণ শুরু করে মধ্যপ্রাচ্যের দল সৌদি আরব। টানা কয়েক মিনিট উরুগুয়ের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখার পর ম্যাচের ৪১ মিনিটে সাফল্য পায় তারা। সেট পিস থেকে হাসান আল তামবাক্তির জোরালো হেড অভিজ্ঞ উরুগুয়েন গোলরক্ষক মুসলেরা কোনোমতে আটকালেও বল ধরে রাখতে পারেননি। সেই সুযোগে দ্রুত গোলমুখে গিয়ে আলগা বলে টোকা দিয়ে বল জালে জড়ান আল নাসর ডিফেন্ডার আল আমরি।

 

বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। পুরো ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে তারা গোলের জন্য ২৮টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সৌদির সাতটি শটের তিনটি লক্ষ্যে ছিল। মুহুর্মুহু আক্রমণের পর ম্যাচের ৮০ মিনিটে উরুগুয়ে তাদের কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। ফেদেরিকো ভিনাসের হেড সৌদি গোলরক্ষক আটকালেও বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ডি-বক্সের বাঁ দিকে বল পেয়ে দুরূহ কোণ থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের লেফট ব্যাক মাক্সি আরাউহো।

 

ম্যাচজুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে উরুগুয়েকে বারবার হতাশ করেন সৌদি আরবের গোলরক্ষক মোহামেদ আল-ওয়াইস। ৬০ মিনিটে মানুয়েল উগার্তের দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসার আগে তিনি ঝাঁপিয়ে পড়ে হাত ছোঁয়ান। এছাড়া যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফেদেরিকো ভালভের্দের শটটিও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দলের এক পয়েন্ট নিশ্চিত করেন আল-ওয়াইস। গত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া সৌদি আরব এবারও একটি স্মরণীয় জয়ের সম্ভাবনা জাগিয়েছিল, তবে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই তাদের সন্তুষ্ট থাকতে হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন