সদ্য প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখের জন্য সৌদি আরবের সব মসজিদে গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বাদশাহ সালমান বিন আব্দুলআজিজের নির্দেশে মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) আসরের নামাজের পর মক্কার গ্র্যান্ড মসজিদ, মদিনার মসজিদে নববী এবং সৌদির সকল মসজিদে এই জানাজার নামাজ আদায় করা হয়।
বিভিন্ন অঞ্চলের আমির, ডেপুটি আমির, গভর্নর, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট আলেম এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ এই জানাজায় অংশ নেন। মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান মসজিদে নববীতে জানাজায় অংশ নেন।
জেদ্দায় অবস্থিত বাদশাহ সালমান মসজিদে মক্কার ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশাল জানাজা আদায় করেন।
এছাড়া, আল-জওফের আমির প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ সাকাকার বাদশাহ আব্দুলআজিজ মসজিদে এবং আল-কাসিমের আমির প্রিন্স ফয়সাল বিন মিশাল ও তার ডেপুটি প্রিন্স ফাহদ বিন সাদ বুরাইদার প্রিন্স আব্দুল ইলাহ মসজিদে জানাজার নামাজে অংশ নেন।
প্রয়াত গ্র্যান্ড মুফতির জান্নাত কামনায় জানাজায় অংশগ্রহণকারীরা আল্লাহর কাছে প্রার্থনা করেন।
তথ্যসূত্র সৌদি গ্যাজেট।
ডিবিসি/এমইউএ