গত ২৪ ঘণ্টায় ইরান থেকে সৌদি আরবের দিকে প্রায় ৬০টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, নিক্ষেপ করা সবগুলো ড্রোনই মাঝপথে ধ্বংস (ইন্টারসেপ্ট) করা হয়েছে।
এ পর্যন্ত নিক্ষেপ করা বেশিরভাগ ড্রোনেরই লক্ষ্যবস্তু ছিল দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সৌদি আরবের জ্বালানি খাতের সিংহভাগ স্থাপনা এবং সম্পদ এই পূর্বাঞ্চলীয় প্রদেশেই অবস্থিত। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রপ্তানি টার্মিনাল এবং প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টগুলো।
অবশ্য উপসাগরীয় অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবের একটি বাড়তি সুবিধা রয়েছে। লোহিত সাগর দিয়ে তাদের একটি বিকল্প রপ্তানি রুট রয়েছে, যার মাধ্যমে দেশের মোট জ্বালানির ৩০ শতাংশ বিশ্বে সরবরাহ করা হয়। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলো শুধু পূর্বাঞ্চলীয় প্রদেশেই হামলা চালাচ্ছে না, বরং লোহিত সাগরের উপকূলীয় শহর ইয়ানবুতেও হামলার ঘটনা দেখা গেছে। সেখানেও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রয়েছে।
সামগ্রিকভাবে এই পরিস্থিতি সৌদি আরবের অর্থনীতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে, কারণ জ্বালানি খাতই হলো দেশটির অর্থনীতির প্রধান চালিকাশক্তি বা প্রাণভোমরা।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি