সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি বাংলাদেশের জ্বালানি ও পর্যটন খাতেও সৌদি আরবের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগসহ দু’দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণ সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ দল পাঠানো হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যেসব মিয়ানমার নাগরিকের কাছে বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট দিতে হবে। এক্ষেত্রে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
ডিবিসি/আরএসএল