আন্তর্জাতিক, এশিয়া

সৌদি আরবে তুষারঝড়ে বরফের চাদরে ঢেকেছে পাহাড়, মরুভূমিতে এক টুকরো শীতের স্বর্গরাজ্য!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ডিসেম্বর ২০২৫ ০৪:৫৩:৩৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের তাবুক এবং ট্রোজেনা পাহাড়ে তুষারপাতের ফলে পুরো এলাকাটি একটি অপ্রত্যাশিত 'শীতের স্বর্গরাজ্যে' পরিণত হয়েছে।

বরফে আচ্ছাদিত এই দৃশ্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা ভিড় করছেন। মরুভূমির চিরচেনা রূপ বদলে গিয়ে সেখানে এখন শুধুই শুভ্র বরফের সমারোহ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা গেছে, ট্রোজেনা উচ্চভূমির রুক্ষ পাহাড়গুলো বরফের চাদরে ঢেকে গেছে। দর্শনার্থীরা সেখানে স্কি করছেন, আনন্দ করছেন এবং এই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দী করছেন। বিশেষ করে তুষারাবৃত মরুভূমিতে উটের দলের দাঁড়িয়ে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা সৌদি আরবের জন্য একটি অসাধারণ দৃশ্য।

 

নিওম এর অংশ ট্রোজেনা পর্বতমালা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৬০০ মিটার উঁচুতে অবস্থিত। আকাবা উপসাগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের এই স্থানটি বাসিন্দা ও পর্যটকদের কাছে এখন শীতকালীন বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।

 

অন্যদিকে, দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনায় বজ্রঝড়, বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। রিয়াদ, আল-জাওফ, তাবুক এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

 

লোহিত সাগর ও আরব সাগরে বাতাসের গতিবেগ এবং সমুদ্রের অবস্থা নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে। লোহিত সাগরের বাব আল-মান্দাবের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং ঢেউয়ের উচ্চতা ২ মিটার ছাড়িয়ে যেতে পারে। উপকূলীয় এলাকা এবং যেখানে কুয়াশা বা ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেখানে বাসিন্দা ও দর্শনার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সৌদি আরবের অন্যতম বিরল শীতকালীন ঘটনা, যা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও বিস্ময় জাগিয়েছে।

সূত্র: গালফ নিউজ

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন