জাতীয়

সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন হজযাত্রী রয়েছেন। শুক্রবার (১ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হজ আইটি হেল্পডেস্কের ১৪তম বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্যমতে, শুক্রবার দুপুর ২টায় মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা হয়ে নিরাপদে সেখানে পৌঁছেছেন সরকারি মাধ্যমের আরও ১ হাজার ২৪৫ জন হজযাত্রী। তারা বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনার ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম ফ্লাইটে দেশটিতে গিয়েছিলেন। মদিনায় অবস্থানকালে এই হজযাত্রীরা মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সৌভাগ্য অর্জন করেন।

 

এখন পর্যন্ত মোট ১০৪টি ফ্লাইটে করে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৬৬ জন, সৌদি এয়ারলাইন্স ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ১৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৭ জন হজযাত্রী পরিবহন করেছে।

 

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা ও তথ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। এ পর্যন্ত সেখানকার চিকিৎসাকেন্দ্র থেকে ৮ হাজার ১৫টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ৯ হাজার ২৪০টি সেবা প্রদান করা হয়েছে। তবে হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ এবং তাদের মধ্যে মক্কায় ৫ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেছেন।

 

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে এ বছর সরকারি কোটায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া সৌদি আরবগামী হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। হজ শেষে আগামী ৩০ মে থেকে হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন