চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত মোট ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৪ মে) সৌদি আরব সময় দিবাগত রাতে সরকারি ব্যবস্থাপনার সর্বশেষ ফ্লাইট বিজি-৫৩১ যোগে হজযাত্রীরা জেদ্দায় পৌঁছানোর মাধ্যমে এ বছরের সরকারি মাধ্যমের হজযাত্রী আগমন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত ২৭তম বুলেটিন সূত্রে শুক্রবার (১৫ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। তথ্যমতে, সৌদি আরবে পৌঁছানো মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৫২ হাজার ১১৫ জন। এখন পর্যন্ত মোট ১৪৬টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি ফ্লাইটে ২৮ হাজার ৪৪৮ জন, সৌদি এয়ারলাইন্স ৫২টি ফ্লাইটে ১৯ হাজার ৩৫২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।
সৌদি আরবে অবস্থানকালে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এলাকাভিত্তিক পরিসংখ্যানে মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন। সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী তাদের দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির মাধ্যমে যাত্রীরা হজ পালন করছেন। এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট কোটা বরাদ্দ ছিল ৭৮ হাজার ৫০০ জন। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া সৌদি আরবগামী ফ্লাইটগুলো আগামী ২১ মে পর্যন্ত অব্যাহত থাকবে। হজ পরবর্তী ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে শেষ হবে ৩০ জুন।
ডিবিসি/কেএলডি