সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বপন মিয়া নামের এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুরে রিয়াদে কর্মস্থল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন স্বপন। সেখানে তিনি একটি ইলেকট্রিক কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনার দিন কাজ শেষে দুপুরে বাসায় ফেরার পথে তাকে বহনকারী গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বপনের আকস্মিক মৃত্যুর খবরে তার নিজ গ্রাম নূরপুরে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের চাচাতো ভাই মো. আনিসুর রহমান জানান, স্বপন অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন এবং আগামী ঈদে তার দেশে ফেরার কথা ছিল। এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। বর্তমানে স্বপনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শোকসন্তপ্ত স্বজনরা।
ডিবিসি/টিবিএ