সম্প্রতি সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি প্রায় এক হাজার বছরের পুরোনো একটি অত্যন্ত দুর্লভ পাণ্ডুলিপি জনসম্মুখে এনেছে। ‘গরিব আল কোরআন’ শিরোনামের ঐতিহাসিক এ পাণ্ডুলিপিটি রচনা করেছেন প্রখ্যাত ভাষাবিদ আবু উবাইদাহ মামার ইবনে আল মুসান্না।
কোরআন বিজ্ঞানের ওপর লেখা মূল্যবান এ পাণ্ডুলিপিটি এর আগে কখনোই কোথাও প্রকাশিত হয়নি, যা ইসলামী ইতিহাস ও গবেষণায় এক নতুন মাত্রা যোগ করেছে। চতুর্থ হিজরি শতাব্দীতে রচিত পাণ্ডুলিপিটিতে মোট ২৩টি পৃষ্ঠা রয়েছে। ১৭ বাই ২২ সেন্টিমিটার আকৃতির অমূল্য দলিলটি অত্যন্ত স্পষ্ট আন্দালুসীয় লিপিতে লেখা হয়েছে। তবে এর নান্দনিকতা আরও বাড়িয়ে তুলেছে কোরআনের সূরাগুলোর নাম, যা অত্যন্ত চমৎকার কুফিক লিপিতে অলঙ্কৃত করা হয়েছে।
লাইব্রেরি কর্তৃপক্ষের তথ্যমতে, তাদের সমৃদ্ধ সংগ্রহশালায় কোরআনের ব্যাখ্যা ও ভাষাতত্ত্বের ওপর কয়েক শতাব্দী পুরোনো বেশ কিছু বিরল পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। এর মধ্যে আবু ইশাক আল জাজ্জাজ এবং ইবনে কুতাইবাহ আল দিনওয়ারির মতো বিখ্যাত পণ্ডিতদের গুরুত্বপূর্ণ কাজ যেমন রয়েছে, তেমনি ষষ্ঠ হিজরি শতাব্দীতে অনুলিপি করা বিখ্যাত তাফসিরে তাবারির কিছু অংশও এখানে সযত্নে রাখা হয়েছে। বর্তমানে লাইব্রেরিটির আর্কাইভে কোরআনের ব্যাখ্যা সম্পর্কিত ১৮৫টিরও বেশি দুর্লভ পাণ্ডুলিপির পাশাপাশি কোরআনের তিলাওয়াত, ব্যাকরণ ও ব্যাখ্যার ওপর আরও শত শত প্রাচীন মূল পাঠ্য সংগৃহীত আছে।
কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিরল পাণ্ডুলিপি, দলিল, ঐতিহাসিক আলোকচিত্র এবং মুদ্রা প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দেওয়া। একইসঙ্গে অমূল্য প্রাচীন সম্পদগুলো দেশি-বিদেশি গবেষকদের জন্য সহজলভ্য করে জ্ঞানচর্চা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করাও তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য।
তথ্যসূত্র: গালফ নিউজ
ডিবিসি/এএমটি