জাতীয়

সৌদি আরব পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬১ হাজার ১৪৮ জন। অন্যদিকে, সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মে) হজ আইটি হেল্পডেস্কের প্রকাশিত সবশেষ ৩১ নম্বর বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। বুলেটিনের প্রাথমিক তথ্য অনুযায়ী, হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট সৌদি আরবে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ৬১টি ফ্লাইটে ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে। 

 

এদিকে, সৌদি আরবে মারা যাওয়া ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জন মারা গেছেন।

 

হজ মিশনের এই কার্যক্রমের মাঝেই পবিত্র হজ ব্যবস্থাপনা সরেজমিনে প্রত্যক্ষ করতে সৌদি আরবে পৌঁছেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)।

 

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। এ বছর সরকারি কোটায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট হজযাত্রীর জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সি কাজ করছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে ঢাকা ছাড়বে। এরপর হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ৩০ জুন পর্যন্ত চলবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন