আন্তর্জাতিক, আরব

সৌদি আরব পৌঁছেছে ইরানি হজযাত্রীদের একাংশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় পৌঁছেছে ইরানি হজযাত্রীদের প্রথম দল। দেশটিতে আগত সকল ইরানি হজযাত্রী সৌদি আরবের বিদ্যমান আইন ও হজের শিষ্টাচার পূর্ণাঙ্গভাবে মেনে চলছেন বলে নিশ্চিত করেছেন রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি। মদিনায় প্রথম দলটি পৌঁছানোর পর এক প্রতিক্রিয়ায় তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, তার দেশের হজযাত্রীদের জন্য সৌদি কর্তৃপক্ষের চমৎকার সেবা, রাজকীয় আতিথেয়তা ও সুযোগ-সুবিধার ভূয়সী প্রশংসা করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

শনিবার (২৫ এপ্রিল) মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইরানি হজযাত্রীদের প্রথম দলটি। এ সময় তাদের সেবায় সৌদি আরবের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আশারক আল-আউসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত এনায়েতি বলেন, সব ইরানি হজযাত্রী পবিত্র হজের এবং সৌদি আরবের নিয়মকানুনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তিনি আশা প্রকাশ করেন, সৌদিতে আগত ইরানি নাগরিকরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় আচার পালন করতে পারবেন এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাবেন। হজযাত্রীদের যেকোনো ধরনের সহায়তা ও সমন্বয়ের জন্য ইরানি দূতাবাস সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৭ এপ্রিল) ইরানি হজযাত্রীদের দ্বিতীয় দলটি মদিনায় পৌঁছানোর কথা রয়েছে। অন্যান্য দেশের হাজিদের মতোই ইরানি নাগরিকরা সেখানে বিশেষ যত্ন পাচ্ছেন বলে রাষ্ট্রদূত জানিয়েছেন। ইতোমধ্যে হজযাত্রীদের সার্বিক তদারকির জন্য প্রশাসনিক ও সামাজিক কর্মীদের একটি দলও সৌদিতে পৌঁছেছে। এ বিষয়ে ইরানের হজ ও ওমরাহ বিষয়ক উপ-প্রধান আকবর রেজায়ি জানিয়েছেন, প্রয়োজনীয় দাপ্তরিক অনুমোদন পাওয়ার পর এ পবিত্র যাত্রা শুরু হয়েছে। ইরানি কর্তৃপক্ষের তথ্যমতে, রিয়াদের সাথে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এ বছর ইরান থেকে সব মিলিয়ে প্রায় ৩০ হাজার হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন।

 

তথ্যসূত্র: সৌদি গেজেট

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন