২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে কীভাবে থামানো হবে এমন প্রশ্নের জবাবে এক মজার উত্তর দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি রসিকতা করে বলেছেন, এই প্রতিভাবান তারকাকে থামানোর সেরা উপায় হলো তাকে তার ঘরে আটকে রাখা!
এই তরুণ ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ স্কালোনি বলেন, এই বয়সেই সে অসাধারণ প্রতিভা দেখিয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে স্কালোনিকে বলতে শোনা যায়, ‘ইয়ামালকে কীভাবে থামাব? আমার তো ইচ্ছা করছে লামিনকে ওর ঘরেই আটকে রাখি! লামিন ইয়ামাল সত্যিই একজন অসাধারণ খেলোয়াড়। এই ছেলেটা ফুটবলের জন্য একটি রত্ন এবং সে এখনও অনেক ছোট, তার আরও অনেক কিছু দেওয়ার আছে। সে এমন এক প্রতিভা যে ভবিষ্যতে স্পেনকে অনেক আনন্দ এনে দেবে, তবে আমরা আশা করি রবিবার সেটা হবে না। সে লিওর (মেসির) মতোই এমন একজন খেলোয়াড় যাকে মার্ক করা অবিশ্বাস্য রকমের কঠিন।’
স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের প্রস্তুতি সম্পর্কেও ধারণা দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা স্পেনকে নিয়ে বিশ্লেষণ করেছি কারণ মার্চ মাসে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল আমাদের। তবে গত ডিসেম্বর থেকেই আমরা বিশ্বকাপে সম্ভাব্য প্রতিটি প্রতিপক্ষকে নিয়েও পড়াশোনা করেছি। শেষ পর্যন্ত, আমরা অন্য কোনো জাতীয় দলের চেয়ে স্পেনের বিষয়ে আলাদা করে বেশি কিছু বিশ্লেষণ করিনি। বিশ্বকাপের পথচলার দিকে তাকালে দেখবেন, এই পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে এমন প্রতিটি দলকে নিয়ে আমরা পড়াশোনা করেছি।’
রবিবার নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে নামার আগে লিওনেল মেসির প্রতিও সম্মান জানিয়েছেন স্কালোনি। সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আর্জেন্টিনা অধিনায়কের সম্ভাব্য এই শেষ উপস্থিতিকে যেন সবাই মন ভরে উপভোগ করেন। ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতার হাতছানি এখন আর্জেন্টিনার সামনে।
মেসির প্রশংসা করে স্কালোনি বলেন, ‘সে এক জীবন্ত ইতিহাস। সে একজন কিংবদন্তি। ৩৯ বছর বয়সে তার ফাইনালে ওঠাটা অবিশ্বাস্য ব্যাপার। এ কারণেই আমি বলি, আমাদের তাকে উপভোগ করা উচিত।’
স্কালোনি জানান, দিয়াগো ম্যারাডোনার শূন্যতা মেসির এই অর্জনকে আরও অর্থবহ করে তুলেছে। ২০২০ সালে ৬০ বছর বয়সে মারা যান ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো এই কিংবদন্তি। স্কালোনি বলেন, ‘দুঃখজনকভাবে ম্যারাডোনা আর আমাদের মাঝে নেই, তাই আমাদের তাকে (মেসিকে) উপভোগ করতে হবে। এই খেলোয়াড়দের নিয়ে গড়া দলটার সাথে সে-ও একজন কিংবদন্তি।’
গত পাঁচ বছরের জোড়া কোপা আমেরিকা জয়সহ দলের সাফল্যের কথা তুলে ধরে স্কালোনি আরও বলেন, ‘এই দলটি যা অর্জন করেছে তা অবিশ্বাস্য। আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং চিরকাল কৃতজ্ঞ থাকব। এত দীর্ঘ সময় ধরে এমন উচ্চ পর্যায়ে লড়াই করে ফাইনালে পৌঁছানো সহজ ছিল না। আমরা না জিতলেও, এই যাত্রাটা ছিল অবিশ্বাস্য।’
সূত্র:এনডিটিভি
ডিবিসি/আরএসএল