ইরানের ভূখণ্ডে কোনো প্রকার স্থল অভিযানের দুঃসাহস দেখালে একজন আক্রমণকারীকেও জীবিত রাখা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সেনাবাহিনীর একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার থেকে অনলাইনে দেওয়া এক ভাষণে জেনারেল হাতামি স্থলপথ, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা এবং নৌবাহিনীর কমান্ডারদের উদ্দেশে এ নির্দেশনা প্রদান করেন।
জেনারেল হাতামি বলেন, শত্রুপক্ষের যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ মোকাবিলায় ইরানের সেনাবাহিনী আক্রমণ এবং প্রতিরক্ষা-উভয় ক্ষেত্রেই পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। তিনি কমান্ডারদের নির্দেশ দিয়ে বলেন, "শত্রুর প্রতিটি পদক্ষেপ এবং গতিবিধি সর্বোচ্চ সতর্কতার সাথে মুহূর্তের ভিত্তিতে পর্যবেক্ষণ করতে হবে এবং সঠিক সময়ে তার দাঁতভাঙা জবাব দিতে হবে।"
স্থল অভিযানের সম্ভাবনা নিয়ে সেনাপ্রধান সাফ জানিয়ে দেন, যদি শত্রু ইরানের মাটিতে পা রাখার চেষ্টা করে, তবে তাদের প্রতি কোনো প্রকার দয়া প্রদর্শন করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে একজন শত্রু সেনাও যেন প্রাণ নিয়ে ফিরে যেতে না পারে।
তিনি আরও বলেন, ইরানের কৌশলগত লক্ষ্য হলো দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে ফেলা এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। যতক্ষণ পর্যন্ত ইরানিরা নিরাপত্তাহীনতায় ভুগবে, ততক্ষণ এই অঞ্চলের কোনো স্থানই নিরাপদ থাকবে না বলে তিনি সতর্ক করেন।
মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে জেনারেল হাতামি বলেন, যুদ্ধ-পরবর্তী ইরানকে নতুন করে সাজানোর যে দাবি আমেরিকা করছে, তা আসলে ইরান রাষ্ট্র ও জাতির অস্তিত্ব মুছে ফেলার গভীর ষড়যন্ত্র। তিনি বলেন, শত্রুর এই অশুভ পরিকল্পনা মোকাবিলায় জনতা এবং সেনাবাহিনী একতাবদ্ধ। সবই ইরানের জন্য-এই মূলনীতিকে সামনে রেখে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যার পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু করলে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠে।
এরই প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চল এবং বিভিন্ন আঞ্চলিক ঘাঁটিতে থাকা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে আসছে। জেনারেল হাতামির এই নতুন হুঁশিয়ারি চলমান সংঘাতকে আরও তুঙ্গে নিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: তাসনিম নিউজ
ডিবিসি/এসএফএল