স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো দলীয় প্রতীকে হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদে গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সচল করা। তিনি জানান, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ করে ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভাসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানেও ভোটের আয়োজন করা হবে।
আজ সকালে সচিবালয়ে ছয়টি সিটি করপোরেশনে নবনিযুক্ত রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা হলেন: ডিএসসিসি আবদুস সালাম, ডিএনসিসি শফিকুল ইসলাম খান, কেসিসি নজরুল ইসলাম মঞ্জু, সিলেট আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর শওকত হোসেন।
প্রশাসক নিয়োগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, "আগে এসব পদে সরকারি কর্মকর্তারা দায়িত্বরত ছিলেন। আমরা মনে করি, রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ আরও সহজে সেবা পাবে এবং তাদের সাথে দূরত্ব কমবে। সে উদ্দেশ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে।"
উল্লেখ্য, গত সোমবার দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে বিএনপির এই ছয় নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।
ডিবিসি/এসএফএল