খেলাধুলা, ফুটবল

স্পেনকেও আর্জেন্টিনার মতোই ‘হারাতে’ চায় সৌদি আরব!

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে পাওয়া সেই চমকপ্রদ জয়ের পুনরাবৃত্তি স্পেনের বিপক্ষেও করতে চায় সৌদি আরব। দলটির কোচ জর্জিওস ডনিস মনে করেন, এমন কিছু করতে চাইলে স্পেনের প্রতি অতিরিক্ত সম্মান দেখালে চলবে না তাদের।

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করার পর ঘুরে দাঁড়ানোর চাপে আছে স্পেন। তবে এই ম্যাচে তাদের এমন একটি দলের মুখোমুখি হতে হবে, যারা নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়েছিল।

 

রবার্তো মানচিনি এবং হার্ভে রেনারের স্বল্পস্থায়ী মেয়াদের পর গত এপ্রিলেই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দলটির দায়িত্ব নিয়েছেন ডনিস। সাবে কোচ হার্ভে রেনারের অধীনেই কাতারে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে সেই বিখ্যাত জয়টি পেয়েছিল সৌদি আরব। ডনিস আশা করছেন, সেই স্মৃতিই রবিবার (২১ জুন) আটলান্টায় স্পেনের বিপক্ষে একই রকম ফলাফল এনে দিতে অনুপ্রেরণা জোগাবে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই গ্রিক কোচ বলেন, 'ফুটবলে অলৌকিক ঘটনা দেখতে পাওয়াটা দারুণ ব্যাপার এবং আমরা এমনটা অনেকবারই দেখেছি। আমরা বিশ্বকাপে এটি দেখেছি, অন্যান্য টুর্নামেন্টেও দেখেছি, আন্ডারডগদের কাছে ফেভারিটদের হারতেও দেখেছি। জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটির মতো এমন দুর্দান্ত স্মৃতি থাকাটা দারুণ।'

 

স্পেন সম্পর্কে তিনি আরও বলেন, 'আমাদের বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলতে হবে। আপনি যখন এই ধরনের টুর্নামেন্টে আসবেন, তখন এই দলগুলোর বিপক্ষে খেলার আনন্দ উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষকে সম্মান করতে হবে, তবে যতটুকু সম্মান তাদের প্রাপ্য, তার চেয়ে বেশি সম্মান দেখানো উচিত নয়।' অন্যদিকে, কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙতে স্পেনের ব্যর্থতা মূলত লামিন ইয়ামালের জাদুকরী পারফরম্যান্সের ওপর দলটির নির্ভরশীলতাকেই ফুটিয়ে তুলেছে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ধীরে ধীরে ফিট হয়ে ওঠা ১৮ বছর বয়সী এই খেলোয়াড় প্রথম ম্যাচে কেবল দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। রবিবার ইয়ামাল মূল একাদশে জায়গা করে নেবেন বলে আশা করা হচ্ছে, যদিও তিনি এখনও পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নন।

বার্সেলোনার এই উইঙ্গারকে ডনিস বর্তমান বিশ্ব ফুটবলের 'বড় প্রতিভা' হিসেবে আখ্যায়িত করেছেন। তাকে ছাড়া স্পেন যে তুলনামূলক কম কার্যকর, তা স্বীকার করতেও দ্বিধা করেননি তিনি। ডনিস বলেন, 'ইয়ামাল যখন বেঞ্চে থাকে, তখন স্পেন আর আগের মতো একই দল থাকে না। আমার মনে হয়, ইয়ামাল সম্ভবত এই সময়ের বিশ্বের সবচেয়ে বড় প্রতিভা। সে বার্সেলোনায় মেসির জায়গা নিতে শুরু করেছে’।

 

ইয়মালের প্রশংসা করে তিনি যোগ করেন, 'আমি এই বয়সে কোনো খেলোয়াড়কে এমন পার্থক্য গড়ে দিতে, এত বেশি গুণাবলি সম্পন্ন হতে এবং এমন পরিপক্বতার সাথে খেলতে দেখিনি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি দক্ষতা নয়, বরং তার পরিপক্বতা। সে জানে যে প্রতিটি মুহূর্তে সে কী করতে পারে এবং এটিই সবচেয়ে বড় পার্থক্য।'
 

সূত্রঃ সুপারস্পোর্ট


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন