ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি স্পেনের দ্বিতীয় সারির ফুটবল ক্লাব 'এলডেনসে' (Eldense) কিনে নেওয়ার প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন। স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের (CSD) অনুমোদন এবং আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা সাপেক্ষে চুক্তিটি চূড়ান্ত হবে। বর্তমানে ক্লাবটির মালিকানায় রয়েছে কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'গ্রুপো টিএইচ'।
চুক্তিটি সম্পন্ন হলে এটি হবে স্পেনে বার্সেলোনা ও আর্জেন্টিনার কিংবদন্তি মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। তবে স্পেনে পেশাদার ক্লাব হিসেবে এটিই হবে তার প্রথম বিনিয়োগ। এর আগে চলতি বছরের শুরুতে তিনি স্পেনের পঞ্চম বিভাগের আধা-পেশাদার ক্লাব 'কর্নিয়া' কিনেছিলেন। এছাড়া মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সাথে উরুগুয়ের একটি ক্লাবের (দেপোর্তিভো এলএসএম) সাথেও আংশিকভাবে যুক্ত আছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
১৯২১ সালে প্রতিষ্ঠিত 'এলডেনসে' ক্লাবটি গত গ্রীষ্মে পুনরায় দ্বিতীয় বিভাগে উন্নীত হয়। তবে চলতি মৌসুমে নিজেদের প্রথম চার ম্যাচের একটিতেও জয় না পাওয়ায় চলতি সপ্তাহে কোচ ক্লাউদিও বারাগানকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। স্পেনের এলদা শহরে অবস্থিত ৫,৭৭৬ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন 'নুয়েভো পেপিকো আমাত' স্টেডিয়ামটি তাদের ঘরের মাঠ।
ডিবিসি/হাদী