স্পেনে মাত্র এক সেন্টে (১.২০ টাকা) বিলাসবহুল হোটেলে রাত কাটানোর অভিনব এক জালিয়াতির অভিযোগে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে একটি নামী হোটেল বুকিং ওয়েবসাইট হ্যাক করে পেমেন্ট সিস্টেমে কারসাজি করার অভিযোগ আনা হয়েছে। স্প্যানিশ পুলিশের দাবি, সাইবার অপরাধের ইতিহাসে এই ধরনের পদ্ধতি ব্যবহারের ঘটনা এটিই প্রথম।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই যুবক পেমেন্ট প্ল্যাটফর্মের বৈধতা বা ভ্যালিডেশন প্রক্রিয়ায় এমনভাবে পরিবর্তন আনেন, যাতে বুকিংয়ের টাকা পুরোপুরি পরিশোধ করা হয়েছে বলে মনে হয়। অথচ বাস্তবে প্রতি রাতের জন্য ১,২০০ ডলার ( প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা) মূল্যের কক্ষের বিপরীতে তিনি মাত্র এক সেন্ট (১.২০ টাকা) পরিশোধ করতেন। স্পেনের জাতীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এই সাইবার আক্রমণটি বিশেষভাবে অর্থপ্রদানের সুরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য তৈরি করা হয়েছিল।
গ্রেপ্তারের সময় ওই স্প্যানিশ যুবক মাদ্রিদের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছিলেন, যেখানে চার রাতের জন্য তার মোট ৪,০০০ ইউরোর বুকিং ছিল। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে, ওই যুবক এর আগেও একাধিকবার বিভিন্ন হোটেলে অবস্থান করেছেন এবং মিনিবারের খাবার ব্যবহারসহ অন্যান্য পরিষেবার বিল পরিশোধ না করেই চলে যেতেন। তার এই চাতুর্যের ফলে সংশ্লিষ্ট হোটেলগুলোর ২০,০০০ ইউরোরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে একটি অনলাইন বুকিং ওয়েবসাইট তাদের সিস্টেমে সন্দেহজনক কার্যকলাপের খবর দিলে এই তদন্ত শুরু হয়। প্রাথমিকভাবে লেনদেনগুলো সঠিক মনে হলেও কয়েকদিন পর পেমেন্ট প্ল্যাটফর্মটি যখন ক্ষতিগ্রস্ত হোটেল কর্তৃপক্ষকে প্রকৃত অর্থ বুঝিয়ে দিতে যায়, তখনই এই বিশাল অনিয়মটি ধরা পড়ে। বর্তমানে অভিযুক্ত যুবক পুলিশি হেফাজতে রয়েছেন এবং এই ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: দ্য হিন্দু
ডিবিসি/এএমটি