তীব্র তাপদাহের মধ্যে দক্ষিণ স্পেনের একটি গ্রামে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার (১০ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে।
আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, আলমেরিয়া প্রদেশের বেদাড় এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। মৃতদের মধ্যে কয়েকজনকে তাদের গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। এর আগে নিহতের সংখ্যা ৬ জন বলে জানানো হলেও পরবর্তীতে তা সংশোধন করে ১২ জন ঘোষণা করা হয়।
প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রার মধ্যে ৫টি অগ্নিনির্বাপক গাড়ির সহায়তায় প্রায় ১৫০ জন অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এই ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী অগ্নিদগ্ধ হয়েছেন এবং অন্য একজন ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আঞ্চলিক জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সানজ এই ঘটনাকে একটি নজিরবিহীন ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করে বলেন, এই শোক অত্যন্ত গভীর।
প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে জানিয়েছেন, একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে শুকিয়ে যাওয়া গাছপালার ওপর পড়ার পর আগুনের সূত্রপাত হতে পারে। পরবর্তীতে তা দ্রুত চারপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সংলগ্ন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৫০ জন বাসিন্দাকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেনের বিশেষ সামরিক জরুরি ইউনিট দ্রুতই অগ্নিনির্বাপক দলের সাথে যোগ দেবে বলে জানানো হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, দাবানলের এই ভয়াবহ পরিণতিতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। উল্লেখ্য, গত মে মাসেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে স্পেন এ বছর ইতিহাসের সবচেয়ে বড় গ্রীষ্মকালীন দাবানল মোকাবিলা দল মোতায়েন করবে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসএফএল