আন্তর্জাতিক

স্পেনে যাওয়ার চেষ্টায় সাগরে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উন্নত জীবনের আশায় স্পেনে পাড়ি জমাতে গিয়ে সাগরপথে মর্মান্তিক মৃত্যু হয়েছে মরক্কোর উদীয়মান নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজির। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় পৌঁছানোর জন্য সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে ২০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যু হয়। তাঁর এই অকালমৃত্যুতে মরক্কোর ক্রীড়াঙ্গন, বিশেষ করে নারী ফুটবল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরক্কোর ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট 'আল বতোলা'র প্রতিবেদন অনুযায়ী, সাগর পাড়ি দিয়ে সেউতায় প্রবেশের চেষ্টার সময় সাগরের প্রবল স্রোতে ডুবে যান ফাতেন। সাম্প্রতিক সময়ে মরক্কো ও স্পেনের সেউতা সীমান্তে চলমান অভিবাসন সংকটের মাঝেই এই মর্মান্তিক ঘটনা ঘটল। উন্নত জীবনের সন্ধানে সাগরপথে বা সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশের এই ঝুঁকিপূর্ণ যাত্রায় এর আগেও বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

 

ফাতেন মরক্কোর শীর্ষস্থানীয় ক্লাব মাগরেব অ্যাথলেটিক তেতোয়ানের নারী দলের মিডফিল্ডার হিসেবে খেলতেন। এর আগে তিনি মরক্কো অ্যাথলেটিক তানজিয়ারের হয়েও মাঠে নেমেছেন। অল্প বয়সেই দেশের অন্যতম সম্ভাবনাময় নারী ফুটবলার হিসেবে তিনি বেশ পরিচিতি লাভ করেছিলেন। তাঁর বর্তমান ক্লাব মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান এক শোকবার্তায় জানিয়েছে, ফাতেন কোনো খ্যাতি বা রোমাঞ্চের খোঁজে নয়, বরং সীমান্তের ওপারে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছিলেন।

 

এই তরুণ ফুটবলারের আকস্মিক মৃত্যুতে মরক্কোর পেশাদার ফুটবলার ইউনিয়নসহ ক্রীড়াঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় সংগঠনটি ফাতেনের পরিবার, স্বজন, সতীর্থ ও ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাঁর আত্মার শান্তি কামনা করেছে। সম্ভাবনাময় এক ফুটবল ক্যারিয়ারের এমন করুণ সমাপ্তি উন্নত ভবিষ্যতের আশায় জীবন বাজি রাখা অসংখ্য তরুণের মর্মান্তিক বাস্তবতাকে আবারও সামনে এনেছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন