স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৭) নামের এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসোয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে ক্যানারিয়াস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। পেশায় তিনি একজন ফুড ডেলিভারি রাইডার ছিলেন।
নিহতের মামাতো ভাই বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে রবিবার সন্ধ্যায় ওই গ্যারেজে গিয়েছিলেন ইউসুফ। এ সময় হঠাৎ একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে গ্যারেজে আগুন ধরে যায়। ভেতরে আটকে পড়া ইউসুফ মৃত্যুর আগমুহূর্তে সহকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে লিখেছিলেন, "আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।" কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দগ্ধ তার অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য ফেরানোর আশায় গত জুন মাসে স্পেনে পাড়ি জমিয়েছিলেন ইউসুফ। দেশটির নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর মাত্র দুদিন আগেই তিনি কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন। কিন্তু নতুন জীবন শুরু করার আগেই এই মর্মান্তিক মৃত্যুতে তার গ্রামের বাড়ি কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় শোকের মাতম চলছে। অকাল এই মৃত্যুতে স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/পিআরএএন