বাংলাদেশ, জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শনিবার ৯ই মে ২০২৬ ০৮:১৯:২১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি গতকাল (৮ মে) শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উভয় দেশের মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন স্বার্থের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় এবং বিচারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছে।

 

মানবপাচার এবং অভিবাসীদের অবৈধ চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং পাচারকারী চক্র দমনে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। 

 

আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং অপরাধীরা যাতে বিচার এড়াতে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য সন্ত্রাসবাদ ও আর্থিক অপরাধসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর প্রত্যর্পণ ব্যবস্থা নিয়ে দুই মন্ত্রী কথা বলেন। 

 

আধুনিক পুলিশিং ও অপরাধ তদন্ত বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বৈঠকে। বিশেষ করে সাইবার অপরাধ এবং সংগঠিত অপরাধ দমনে গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য নিরাপদ যোগাযোগ মাধ্যম তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

 

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আহ্বান জানান। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে গঠনমূলক আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়াতে পাকিস্তান কার্যকর ভূমিকা রাখতে পারে বলে বৈঠকে আলোচনা করা হয়।

 

সন্ত্রাসবাদ, মাদক পাচার, চোরাচালান এবং দলিলাদি জালিয়াতি রোধে পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাবিত একটি খসড়া চুক্তি বর্তমানে বাংলাদেশ পর্যালোচনা করছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশকৃত তিনজন পাকিস্তানি বন্দির মুক্তির বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য প্রেরিত নথির বর্তমান অবস্থা সম্পর্কেও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

 

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বৈঠক শেষে উভয় পক্ষই ভবিষ্যতে এই ধরনের দ্বিপক্ষীয় আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন