বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে বারবার সুযোগ পেলেও তারা জনগণকে ক্ষমতায়িত করেনি, বরং নিজেরা ক্ষমতাবান হয়েছে। তারা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে এবং ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো দুর্নীতি হতে দেওয়া হবে না এবং ব্যাংক লুটেরাদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় নওগাঁর এটিএম মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমির খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচনে তারা কেবল জামায়াতে ইসলামী বা কোনো বিশেষ গোষ্ঠীর বিজয় চান না, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চান। এ লক্ষ্য অর্জনে তিনি সবাইকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে নওগাঁসহ উত্তরাঞ্চলের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে এটিএম মাঠে সমবেত হতে থাকেন। বেলা ১১টার মধ্যেই জনসভাস্থল ও এর আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশে বিগত সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে যাদের বিতাড়িত করেছে, তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। জামায়াত সেই দুর্নীতির সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করতে বদ্ধপরিকর।
ডিবিসি/পিআরএএন