স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব ও ফ্রান্স। একই সঙ্গে গাজায় টেকসই যুদ্ধবিরতি, অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বাধাগ্রস্ত করে এমন পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে দেশ দুটি।
সোমবার (২৪ আগস্ট) প্যারিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে সৌদি আরব ও ফ্রান্স ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ফিলিস্তিনি জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডের ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দুই দেশ গাজায় টেকসই যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরির পাশাপাশি বেসামরিক নাগরিকদের কাছে জরুরি, নিরাপদ ও নির্বিঘ্ন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে।
হামাসের নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তির ঘোষণাকেও স্বাগত জানিয়েছে রিয়াদ ও প্যারিস। তারা চুক্তিটির বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
যৌথ বিবৃতিতে ইসরায়েলি বসতি স্থাপন নীতি এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের দাবি জানানো হয়েছে। সৌদি আরব ও ফ্রান্সের মতে, এসব কার্যক্রম দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে।
একই সঙ্গে দুই দেশ ‘নিউইয়র্ক ঘোষণা’র পূর্ণ বাস্তবায়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার কর্মসূচির প্রতিও সমর্থন জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। ফিলিস্তিনে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে তারা।
যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়া উচিত।
বৈঠকে ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি ইরান, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং লেবানন, ইয়েমেন, সুদান ও সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই নেতা।
সূত্র: আরব নিউজ
ডিবিসি/এমএনকে