জেলার সংবাদ

কুমিল্লায় স্বামীকে দাফনের ৬ ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই আগস্ট ২০২৬ ১২:৫০:১০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেলেন দেবিদ্বারের দম্পতি। পোশাকশ্রমিক খোকন সরকারের মৃত্যুর মাত্র ৬ ঘণ্টার মাথায় প্রাণ হারালেন তাঁর স্ত্রী ফজিলত বেগমও। স্বামীকে শেষবিদায় জানিয়ে দাফন সম্পন্ন করার পরপরই স্ত্রীর মৃত্যুর খবর আসায় পুরো পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের মাতম।

নিহত আব্দুস সামাদ ওরফে খোকন সরকার (৫৪) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মরহুম আব্দুল গয়ফুরের দ্বিতীয় ছেলে। তাঁর স্ত্রী ফজিলত বেগম (৪০) পাশের গ্রাম উজানীজোড়ার নানু মিয়া খন্দকারের মেয়ে। এই দম্পতি নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে চাকরি করতেন। ইউসুফ সরকার (২০) ও খাদিজা আক্তার (১৮) নামে তাদের দুই সন্তান রয়েছে। ঘটনার দিন তারা গ্রামের বাড়িতে ছিল বলে জানা যায়।


পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় হঠাৎ গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটে। এতে খোকন সরকার ও ফজিলত বেগম দুজনেই গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মারা যান খোকন সরকার। বুধবার (১২ আগস্ট) সকালে তার মরদেহ দেবিদ্বারের গ্রামের বাড়িতে আনা হয় এবং সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

 

স্বামীর দাফন শেষ না হতেই বিকেল ৪টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী ফজিলত বেগম। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দম্পতির এমন করুণ মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন স্বজন ও গ্রামবাসী। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে স্বামীর কবরের পাশে ফজিলতের দাফন করা হয়েছে।


এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, ‘অগ্নিকাণ্ডে দেবিদ্বারের দুই পোশাকশ্রমিকের মৃত্যুর খবরটি অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে। তাঁদের সরকারি আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন