ফরিদপুর সদর উপজেলার বায়তুলামানের রহমান মোল্লাডাঙ্গী এলাকায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শ্যামেলা বেগম (৬৫)। তিনি ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী।
নিহতের কন্যা কাকলী আক্তার জানান, তার ভাই অভিযুক্ত রাহিম শেখ মাদকাসক্ত ও উশৃঙ্খল প্রকৃতির। তিনি জানান, বৃহস্পতিবার তিনি কাজে যাওয়ার পর মা ও ভাই বাড়িতেই ছিলেন। খবর পেয়ে বাড়িতে এসে মায়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা জানান, শক্ত কোনো বস্তু দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় রাহিম, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তারা জানান, আঘাতের ফলে মাথা থেঁতলে মগজ বেরিয়ে গেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, ২০১৬ সালে সৎমাকেও একইভাবে হত্যা করেছিল ওই যুবক। এরপর ৭-৮ বছর জেলে খেটে কয়েক বছর আগে (২-৩ বছর আগে) জেল থেকে বের হন। তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ডিবিসি/ এসভিএন