দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুততর করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাট এলাকায় কাঁচপুর-ভোলার ইলিশা নৌপথে আনুষ্ঠানিকভাবে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এই সেবাটির উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
ভোলাকে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা থেকে মুক্ত করতে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আগে জনগণের যোগাযোগের সুবিধার জন্য গত ২৭ আগস্ট থেকে এই রুটে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছিল। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামক দুটি ফেরি নিয়মিত উভয় প্রান্ত থেকে চলাচল করছে এবং যাতায়াতে সময় লাগছে প্রায় আট ঘণ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী জানান যে, পরীক্ষামূলক কার্যক্রমে সাধারণ যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ এবং পণ্যবাহী ট্রাকচালকদের মাঝে এই রুটের প্রতি ব্যাপক সাড়া ও আগ্রহ দেখা গেছে। মানুষের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে ফেরির সংখ্যা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। পাশাপাশি ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিসকে আরও যাত্রীবান্ধব করা, বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং সেতুর আশপাশে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
কাঁচপুরের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী এবং পরিচালক (অর্থ) শেখ মুঃ নাসিম।
সংশ্লিষ্টদের মতে, সরাসরি এই ফেরি চালুর ফলে ভোলার পণ্য ও যাত্রী পরিবহন সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে এবং বিআইডব্লিউটিসির রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
ডিবিসি/এমএনকে