জাতীয়

হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না : ধর্মমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন হজ ব্যবস্থাপনা কিংবা সরকারি যেকোনো দায়িত্ব পালনে বিন্দুমাত্র অবহেলা বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি স্পষ্ট জানিয়েছেন, হজের ক্ষেত্রে নিয়মের সামান্যতম ব্যত্যয় ঘটলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকার একটুও দ্বিধাবোধ করবে না।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

সভায় কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, কেবল ঊর্ধ্বতনদের আদেশ বিনা বাক্যব্যয়ে পালন করে 'ভালো অফিসার' সাজার কোনো সার্থকতা নেই; এতে দেশ বা দপ্তরের প্রকৃত কোনো লাভ হয় না। এর পরিবর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের বেতনকে হালাল করার জন্য প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দেন তিনি। তিনি জানান, সবাই মিলে সুষ্ঠুভাবে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারলেই দায়িত্ব পালনের প্রকৃত সার্থকতা আসবে।

 

কাজের মাধ্যমেই কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে উল্লেখ করে ধর্মমন্ত্রী আশ্বাস দেন, তারা দেশ ও মন্ত্রণালয়ের স্বার্থে এক ধাপ এগোলে তিনি তিন ধাপ এগিয়ে আসবেন। পাশাপাশি, কর্মকর্তাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে তা সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি আরও জোর দিয়ে বলেন, তাঁর দেওয়া কোনো নির্দেশ যদি আইন বা বিধিসম্মত না হয়, তবে তা যেন নির্দ্বিধায় তাঁকে জানানো হয়; এমন সততায় তিনি বরং খুশিই হবেন।

 

মতবিনিময় সভার শুরুতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও পরিচিতি সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। এ সময় ধর্মসচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন এবং বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন