রাজধানীর হজ ক্যাম্প থেকে এক হজযাত্রীর ২২ হাজার সৌদি রিয়াল চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া রিয়ালের একটি বড় অংশ এবং রিয়াল ভাঙানো নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে খিলক্ষেত ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ২২ এপ্রিল হজ ক্যাম্প থেকে ওই রিয়াল চুরির ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপরই জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে সিএসবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে চাঁদপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মতলব এলাকায় অভিযান চালানো হয়।
তবে প্রযুক্তির মাধ্যমে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন আসামি হাবিবুর রহমান দাউদকান্দি হয়ে ঢাকার দিকে রওনা হয়েছে। এরপর পুলিশের একটি দল তাকে অনুসরণ করে গজারিয়া ও ডেমরার সারুলিয়া হয়ে ৩০০ ফিট অতিক্রম করে খিলক্ষেত এলাকায় পৌঁছায়।
রাত ২টা ৪০ মিনিটে খিলক্ষেতের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় সিএসবির যৌথ দল প্রযুক্তির সহায়তায় একাধিক ভবনে তল্লাশি চালিয়ে হাবিবুর রহমানকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী স্টেশন রোড থেকে নাদিম নামের আরেকজনকে হেফাজতে নেওয়া হয়। পরে নাদিমের দেওয়া তথ্যে চুরির মূল হোতা আল মান্নানকে গ্রেপ্তারে গাজীপুরে অভিযান চালানো হলেও সে পালিয়ে যায়। তবে মান্নানের মেয়ের জামাইয়ের বাসা থেকে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আসামিরা গত ২৬ এপ্রিল ৩ হাজার ৫০০ রিয়াল মানি এক্সচেঞ্জের মাধ্যমে ভাঙিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা উত্তোলন করেছিল। এর মধ্যে ৯০ হাজার টাকা আল মান্নানের দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে জব্দ করা হয়েছে। পলাতক আল মান্নানকে শনাক্ত করে দ্রুত তাকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল