বাংলাদেশ, ধর্ম, ইসলাম

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুন) হজ বুলেটিন থেকে জানা যায়, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে বাংলাদেশ সময় গত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।


হজ অফিস সূত্রে জানা গেছে, এই ১২৭টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হাজি দেশে ফিরেছেন।


এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারীসহ মোট ৫০ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।


হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১৮ জন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো থেকে ৬২ হাজার ৮৩৭ জন এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক থেকে ২৭ হাজার ৬৬৫ জন হাজি বিভিন্ন সেবা গ্রহণ করেছেন।


উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে বছরের প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। গত ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হয়।


চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ সম্পাদন শেষে গত ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন