জাতীয়

হজ প্যাকেজ ঘোষণা, ২৪ হাজার টাকা কমল বিমান ভাড়া

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ দুই প্যাকেজ প্রকাশ করেন।

এবার সাধারণ হজযাত্রীদের সুবিধার্থে আগের বছরের তুলনায় বিমান ভাড়া ২৪ হাজার টাকা কমানো হয়েছে, যা সার্বিক খরচ কমাতে বিশেষ ভূমিকা রাখবে।

 

ঘোষিত প্যাকেজগুলোর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা পাবেন।

 

এছাড়া মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণ অবস্থানকাল ৩৫ থেকে ৪০ দিন হলেও অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের সুবিধাও মিলবে।

 

অন্যদিকে কিছুটা সুলভ মূল্যের ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হোটেল থাকবে হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২-৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী হতে ৮০০ মিটারের মধ্যে। দূরত্ব ২ কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।

 

এই প্যাকেজে মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান নির্ধারণ করা হয়েছে এবং মিনা-আরাফায় দেওয়া হবে 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সেবা।


ডিবিসি/এমএনকে
 

আরও পড়ুন