বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, ৫৪ জনের মৃত্যু

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অন্যদিকে, হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে প্রত্যাবর্তনকারী মোট হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ২৬৯ জন দেশে ফিরেছেন। অপরদিকে, সৌদি আরবে মারা যাওয়া ৫৪ জন বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

 

গত ১৯ জুন পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৫২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৬টি ফ্লাইটের মাধ্যমে ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।

 

এছাড়া সৌদি এয়ারলাইনস ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৪৫ জন এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন হাজি পরিবহন করেছে। পাশাপাশি অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমেও ৪ হাজার ৩ জন হাজি দেশে ফিরেছেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন