গত দুইদিন ধরে হঠাৎ করেই দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভিন্নভাবে দেখা দিচ্ছে। সকালের কুয়াশা দেখে মনে হচ্ছে যেন শীত আবার বাড়বে। দুপুরের দিকে মেঘের দেখা মিলছে। আবহাওয়া পরিস্থিতি কেন এমন হচ্ছে তা জানাল আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল রাজধানীর আকাশ। শুধু রাজধানী নয়, পার্শ্ববর্তী অঞ্চল এবং দেশের নানা স্থানে ছিল কুয়াশা। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেও আকাশ মেঘলা হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু রাজধানীর আকাশ নয়, দেশের নানা স্থানে এমন মেঘের উপস্থিতি দেখা গেছে।
এদিকে মাঘের শেষে এসে দেশের তাপমাত্রা কিছুটা বাড়ছে। আজও দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়েছে। এরই মধ্যে কুয়াশার উপস্থিতি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পশ্চিম বায়ুপ্রবাহ বেড়ে গেছে গতকাল থেকে। এর ফলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। আর সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এমন অবস্থায় কুয়াশার সৃষ্টি হয়।
হাফিজুর রহমান বলেন, ‘কুয়াশার পরপরই আকাশ মেঘে ঢেকে যাওয়ার কারণও এই দক্ষিণ-পশ্চিমের বায়ু। এমন কুয়াশাঘন আবহাওয়া আরও দু–এক দিন থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।