কিশোরগঞ্জ বিএনপি নেতা জাহাঙ্গীর:

হত্যা মামলার জেরে মিঠামইন ছাত্রদলের আহ্বায়ক খোকা বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২০শে জুলাই ২০২৬ ০২:২৫:৪৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব ধরনের পদ বাতিল করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


এর আগে, গত ১৫ জুলাই রাতে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীর নিজ বাড়ির সামনে সশস্ত্র হামলায় নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।


মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা ঘটনার তিন দিন আগে ঢাকা থেকে এসে অবস্থান নেন। অভিযোগ রয়েছে, তারা মোকাররম হোসেন খোকার বড় ভাইয়ের বাড়িতে অতিথি হিসেবে ছিলেন। এ ছাড়া নিহতের স্বজন ও স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, হত্যাকাণ্ডের পরিকল্পনা, অর্থায়ন ও সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে খোকাকে গ্রেপ্তার করা প্রয়োজন। তবে ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।


এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন