বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার কামইছড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (২০ মে) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজহারুল ইসলাম স্বপন (২০) শায়েস্তাগঞ্জ উপজেলার বাগ্নিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রহরী রফিকুল ইসলামের ছেলে। স্বপন স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ মিয়া (১৭) মাধবপুর উপজেলার মনতলা এলাকার মৌজপুর গ্রামের ইলেকট্রিশিয়ান মিজানুর রহমানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আজহারুল ইসলাম স্বপনের মৃত্যু হয় এবং আরোহী আব্দুল্লাহ গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা আব্দুল্লাহকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। 

 

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর নিহতের মরদেহ হাসপাতালের আনুষ্ঠানিক কোনো রেজিস্ট্রারে এন্ট্রি ছাড়াই স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে।

 

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এছাড়া আইনি প্রক্রিয়া ও হাসপাতালের আনুষ্ঠানিক এন্ট্রি ছাড়াই নিহতের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন