হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ জমা দেন।
প্রতিনিধিদলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা মাহমুদা মিতু এবং সারোয়ার তুষার।
অভিযোগে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল বাদী হয়েছেন। লিখিত অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন-কে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া হামলার ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
অভিযোগ গ্রহণের পর এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশি নিরাপত্তায় কামাইছড়া পুলিশ ক্যাম্প ত্যাগ করে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।
হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রুজু করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে দলটির নেতাকর্মীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন হবিগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং জেলা প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে। পরে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ আসার পথে বাহুবল উপজেলার মুছাই বাজার ও পরবর্তীতে কামাইছড়া এলাকায় এনসিপি নেতৃবৃন্দকে আটকে দেয় পুলিশ।
ডিবিসি/এসডব্লিউএন