হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচিতে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত থাকবেন।
অন্যদিকে, এনসিপির বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে 'উসকানিমূলক মিথ্যাচারের' অভিযোগ তুলে একই দিন পাল্টা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল ও যুবদল। ছাত্রদল জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এবং যুবদল জেলা শহরসহ প্রতিটি উপজেলা ও পৌরসভায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
একই দিনে উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ জানান, আগের দিনের হামলায় জড়িতদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/আরএসএল