হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল শুক্রবার ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি রাস্তায় রেখেই দ্রুত পালিয়ে যান।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ট্রাকটিতে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের ওপরে থাকা পাথরের স্তূপ সরালে নিচে বস্তাবন্দী অবস্থায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকার ওষুধ পাওয়া যায়।
অভিযানে জব্দকৃত ভারতীয় পণ্য এবং ট্রাকটির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। উদ্ধারকৃত মালামাল স্থানীয় শুল্ক গুদামে (কাস্টমস অফিস) জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে ৫৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিবিসি/এএমটি