বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে টানা বৃষ্টিতে ডুবছে হাওর, নষ্ট হচ্ছে পাকা ধান

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জে টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার হাওরাঞ্চলজুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাচ্ছে মাইলের পর মাইল বিস্তৃত সোনালী ফসলের মাঠ। চোখের সামনে পাকা ধান পানিতে ডুবে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই অস্বাভাবিক বর্ষণের ফলে হাওরাঞ্চলে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। 

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসেবে জানা গেছে, জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলার অন্তত ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান ইতোমধ্যে পানির নিচে চলে গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

একদিকে ফসলি জমি নিমজ্জিত হচ্ছে, অন্যদিকে পাহাড়ি ঢলে জেলার প্রধান নদ-নদীগুলোর পানিও বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে। খোয়াই, কুশিয়ারা, কালনী, সুতাং ও সোনাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। 

 

এমন প্রতিকূল অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে হাওরপাড়ের মানুষের। কৃষকদের দাবি, দ্রুত পানি না কমলে চলতি মৌসুমে তাদের হাড়ভাঙা খাটুনির ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়বে, যা পুরো জেলার কৃষি অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন