বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার মূল আসামি কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫২ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত আফরোজ মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে ভুক্তভোগী ছাত্রীর বাবা নবীগঞ্জ থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, মামলায় উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়াকে প্রধান ও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

মামলার বিবরণে জানা যায়, গত রবিবার বিকেলে বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীটি বাড়ির পাশের একটি দোকানে আইসক্রিম কিনতে যায়। পথিমধ্যে আফরোজ মিয়া ও তার এক সহযোগী মিলে শিশুটির মুখে গামছা বেঁধে পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। 

 

একপর্যায়ে ওই শিশুর চিৎকারে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলের দিকে গেলে অভিযুক্তরা ভুক্তভোগীকে ফেলে পালিয়ে যায়। পরদিন সোমবার শিশুটিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

সোমবার গণমাধ্যমে ধর্ষণের খবর প্রচারের পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর মধ্যেই ওইদিন রাতে পার্শ্ববর্তী বাহুবল উপজেলার দিগম্বর বাজারে মূল অভিযুক্ত আফরোজ মিয়াকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক তাকে ধরে ফেলে। 

 

পরে তাকে বড়চর বাজারে নিয়ে আসা হলে শত শত উত্তেজিত জনতা তাকে পিটুনি দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আফরোজকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত প্রধান আসামি আফরোজ মিয়াকে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন