বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৩ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৭ই নভেম্বর ২০২৫ ০৬:৩৮:২৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রিটন মিয়া নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ই নভেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তাজাবাদ মৌজা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুশিয়ারা নদীর তাজাবাদ মৌজা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর উভয় পাড়ে তীব্র ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জনপদ হুমকির মুখে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে প্রশাসন সেখানে অভিযান চালায়।

 

এসময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ওয়াহিদ এন্টারপ্রাইজের হয়ে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার অপরাধে রিটন মিয়াকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত রিটন কিশোরগঞ্জ জেলার সুনাই মিয়ার ছেলে। অভিযান শেষে জব্দ করা বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জব্দকৃত বালু পরবর্তীতে নিলামে তোলা হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন