হবিগঞ্জে খোয়াই, কুশিয়ারা, কালনী-কুশিয়ারা ও সুতাং নদীর পানি কমতে শুরু করলেও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমেনি। এখনও প্লাবিত বশে কিছু এলাকা। পাশাপাশি নতুন করে কিছু নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। তবে এসব এলাকার পানি গুঙ্গিয়াজুড়ি হাওরসহ জেলার বিভিন্ন হাওর দিয়ে নামতে শুরু করেছে।
শনিবার (১১ জুলাই) হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে এখনও বিপদসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও শায়েস্তাগঞ্জ ও মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এসেছে। এছাড়া কুশিয়ারা, কালনী-কুশিয়ারা ও সুতাং নদীর পানিও কমতে শুরু করেছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় ভেঙে যাওয়া খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পানি আরও কিছুটা কমে এলে শনিবারই মেরামতের কাজ শুরু করা হবে।
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তবে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত অনেক বন্যার্ত অভিযোগ করেছেন, তারা এখনও পর্যাপ্ত খাদ্যসহায়তা পাচ্ছেন না।
অন্যদিকে, খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে হবিগঞ্জ সদর উপজেলার যমুনাবাদ, আউশপাড়া, সুলতানশীসহ কয়েকটি নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। ফলে এসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে।
ডিবিসি/এসএস