জেলার সংবাদ

হবিগঞ্জে নম্বরবিহীন পিকআপ ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ ও একই বিদ্যালয়ের দপ্তরী শামীম রেজা। মাসুম পারভেজ নেত্রকোনা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেলযোগে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

 

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়।

 

অন্যদিকে, গুরুতর আহত শামীম রেজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

 

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন