হবিগঞ্জের অলিপুরে একটি কারখানার শ্রমিক রুবিনা আক্তারের মুখে এসিড নিক্ষেপের ঘটনায় তার সাবেক স্বামী উজ্জল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সদর উপজেলার পইল এলাকায় অভিযান চালিয়ে উজ্জলের বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে উজ্জল মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের বিয়ে হয়েছিল।
কিন্তু পারিবারিক কলহের জেরে গত প্রায় ছয় মাস আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। তালাকের পর থেকেই উজ্জল মিয়া বিভিন্ন সময় রাস্তাঘাটে রুবিনাকে উত্ত্যক্ত ও হয়রানি করে আসছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে অলিপুর প্রাণ কোম্পানি থেকে কাজ শেষে নিজ বাড়ি ফিরছিলেন রুবিনা আক্তার। রাত আনুমানিক সময়ে বড় বহুলা এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে, আগে থেকে ওঁৎ পেতে থাকা উজ্জল মিয়া আকস্মিকভাবে তার মুখে এসিড নিক্ষেপ করে। এ সময় রুবিনার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত উজ্জল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় রুবিনা আক্তারকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রুবিনার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ডিবিসি/টিবিএ