বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ: নিহত ১, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই দফা সংঘর্ষে শেলু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শেলু মিয়া আদিত্যপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল।


সোমবার দুপুরে এই পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


তবে এই ঘটনার রেশ ধরে সন্ধ্যায় ডুবাঐ বাজার এলাকায় উভয় পক্ষের লোকজন পুনরায় মুখোমুখি হলে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় শেলু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দ্বিতীয় দফায় সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।


বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন