হবিগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের এই চোরাচালান পণ্যগুলো উদ্ধার করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেওয়া হয়।
ট্রাকটি আটক করার পর তল্লাশি চালিয়ে দেখা যায়, ইটের স্তূপের নিচে বস্তায় অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও ফুচকা লুকিয়ে রাখা হয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য বাংলাদেশে আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় ২ কোটি ২০ হাজার টাকা। উদ্ধারকৃত এই মালামাল বর্তমানে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান রোধে বিজিবির এই ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ডিবিসি/টিবিএ